পারিবারিক অশান্তির জেরে প্রতিবন্ধী বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়ির শোভানগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম, সঞ্জয় কর্মকার(৪২)। অভিযুক্ত ছেলে, দিপঙ্কর কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার রাতে পারিবারিক অশান্তি শুরু হয় বাবা ও ছেলের মধ্যে। অভিযোগ, বচসার জেরেই অভিযুক্ত ছেলে বাঁশ দিয়ে আঘাত করে বাবার মাথায়। এরপর রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে মিল্কি গ্রামীন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার রাতেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়। তবে কি কারনে বাবাকে পিটিয়ে খুন করে ছেলে, তার তদন্ত শুরু করেছে মিল্কি ফাঁড়ির পুলিশ।
এবিষয়ে প্রতিবেশী দীলিপ কর্মকার বলেন, মৃত ওই ব্যক্তি প্রায় নেশা করে বাড়িতে ভাঙচুর চালাত। ছেলে বারবার বাবাকে বোঝানর চেষ্টা করলেও কোন ফল হতো না। আর এই নিয়েই ছেলে ও বাবার মধ্যে পারিবারিক বিবাদ হত। এদিনও বাবা ও ছেলের মধ্যে বিবাদ বাধে। যার ফল বাবাকে মারধর করে ছেলে।